পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের সরঞ্জাম | Daily AjKaler Kontho

পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের সরঞ্জাম


মোঃ মিজানুর রহমান , কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১:০৫ অপরাহ্ন
পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। জেলার ৫১৩টি ভোট কেন্দ্রে স্থাপিত ২ হাজার ৫৩৬টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে জেলার ৮টি উপজেলা পরিষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৫ জন, পটুয়াখালী-২ আসনে ৪ জন, পটুয়াখালী-৩ আসনে ৪ জন এবং পটুয়াখালী-৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন রয়েছে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ৬টি র‍্যাব টিম, বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছে দেড় হাজার পুলিশ সদস্য এবং ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/এম