
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি পিকআপ গাড়িসহ গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোরাই গাড়ি চক্রের সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় বিক্রি করত।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি চোরাই পিকআপ গাড়িসহ চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রকিবুল ইসলাম (৩৪), আনারুল ইসলাম (২৬), মাসুদ (৩০) ও রহুল আমীন (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম, আনারুল ইসলাম ও মাসুদ স্বীকার করেছেন যে, তারা চট্টগ্রাম এলাকা থেকে পিকআপ গাড়িটি চুরি করে ময়মনসিংহে নিয়ে আসেন। পরে তাদের সহযোগী রহুল আমীনের মাধ্যমে গাড়িটি বিক্রির পরিকল্পনা ছিল বলে তারা জানান।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চোরাই পিকআপ গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে ভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ডিবি পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, চোরাই গাড়ি চক্রের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আজকালের কন্ঠ/ আর এস /জে
আপনার মতামত লিখুন :