মান্দায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি | Daily AjKaler Kontho

মান্দায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি


আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
মান্দায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির স্থান নির্ধারণ করা হয়েছে নওগাঁ জেলার মান্দা উপজেলার উপজেলা পরিষদ চত্বর।এতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো ও বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও নেতারা হুঁশিয়ারি দেন।

আজকালের কন্ঠ/ আর এস/এ