শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর আওয়ামীলীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট | Daily AjKaler Kontho

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর আওয়ামীলীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর আওয়ামীলীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী ও তাঁর সমর্থকদের বিএনপিতে যোগদানের পর আওয়ামীলীগ নেতাসহ প্রায় ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চর গয়ঘর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আব্দুল মান্নান খানের পক্ষের লোকজনের অভিযোগ, জেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল আকনের নির্দেশে তাঁর সমর্থকেরা এই হামলা চালিয়েছেন।

পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে এবং ঘটনাস্থল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত ১০টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা শৌলপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বাড়িতে বোমা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় তাঁর সমর্থক ইদ্রিস খানের বাড়িতে লুটপাটের পর বোমা হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রাসেল খান ও ইউনুস বয়াতির ঘরেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়াও মজিবুর খান, কাদির খান, শুকুর ব্যাপারী, জসিম ব্যাপারী, আরশেদ ব্যাপারী ও সাত্তার খানের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট করা হয়।

 

আজকালের কন্ঠ/আর বি