
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক যুবকের ডান পা হাঁটুর নিচ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নর্দমা মডেল মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত যুবক তাহসিন, হায়দারগঞ্জ টি.আর.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিনের বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। প্রচণ্ড আঘাতে তাহসিনের ডান পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
অপর আহত যুবক শামীম ফলোয়ান মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। তার নাক ফেটে যাওয়াসহ মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকরা জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। শামীম ফলোয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রায়পুরের ওই সড়কে প্রায়ই যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, অতিরিক্ত গতিতে চলাচল করে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে দ্রুত গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। আহতদের স্বজনরা তাহসিন ও শামীমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :