স্বেচ্ছাশ্রমে আনসার ও ভিডিপির উদ্যোগে তিন কিলোমিটার সড়ক মেরামত | Daily AjKaler Kontho

স্বেচ্ছাশ্রমে আনসার ও ভিডিপির উদ্যোগে তিন কিলোমিটার সড়ক মেরামত


ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
স্বেচ্ছাশ্রমে আনসার ও ভিডিপির উদ্যোগে তিন কিলোমিটার সড়ক মেরামত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করা হয়েছে।

রেললাইনের পাশ্ববর্তী এই সড়কটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকায় গ্রামের প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সড়কটি ওই এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।

এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সম্মিলিতভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক মেরামতের উদ্যোগ নেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানার নেতৃত্বে মেরামত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময় তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

সড়ক মেরামতের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা আনসার ও ভিডিপি সদস্যদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেরামত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ২নং ইউনিয়ন দলনেতা মোঃ ফেরদৌস, দলনেত্রী বেবি নাজনীন, ওয়ার্ড দলনেতা সামছুজ্জামান আরিফ, ভিডিপি সদস্য বাদশা মিয়া, মাহবুব আলম, রহমত উল্লাহ রাফি, আশিক মিয়া, সোহেল মিয়া, মোঃ মোস্তাকিম, মোকসেদুল মমিন, আমানুল্লাহ মিঠুন, শহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম আবিরসহ অন্যান্য সদস্যরা।

আজকালের কন্ঠ/আর বি