নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু | Daily AjKaler Kontho

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানবিক ও নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর স্টুডেন্টস ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (SSN)’।

গত শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভার মাধ্যমে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সোচ্চার-এর সেক্রেটারি ড. মাহফুজুল হাসান সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোচ্চার-এর প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া তামান্না।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ সেশন এর মাস্টার্সের শিক্ষার্থী ইকরাম হোসাইন সভাপতি, দর্শন বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মো. তাজিম হোসাইন সহ-সভাপতি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাইহান রাহমাত উল্লাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন,ক্যাম্পাসে যে কোনো ধরনের নির্যাতন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ডকুমেন্টেশন করা এবং সচেতনতা ও অ্যাডভোকেসির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় কাজ করাই আমাদের প্রত্যয়। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম।

এবং সাধারণ সম্পাদক বলেন , সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মাধ্যমে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি নির্যাতনমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।

সদস্যরা শুভেচ্ছা বক্তব্যে ক্যাম্পাসকেন্দ্রিক মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের ঘটনা ডকুমেন্টেশন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং তরুণ মানবাধিকার কর্মী তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ক্যাম্পাসভিত্তিক মানবাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ গঠনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি