আগৈলঝাড়া পয়সারহাটে আইনশৃঙ্খলা ও জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়া পয়সারহাটে আইনশৃঙ্খলা ও জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ৭:২০ অপরাহ্ন
আগৈলঝাড়া পয়সারহাটে আইনশৃঙ্খলা ও জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও পথচারীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই মামুন। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রব সরদার, অবসরপ্রাপ্ত চীফ পেটি অফিসার।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মাসুদ খান বলেন, আগৈলঝাড়ায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। সবাই যদি সচেতন ও সোচ্চার থাকে, তাহলে প্রকৃত অপরাধীরা এলাকায় টিকে থাকতে পারবে না। তিনি বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে পাহারার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন এবং বলেন, পাহারাদারদের সব ধরনের সহযোগিতা পুলিশ প্রশাসন দেবে।

তিনি আরও জানান, জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে তিনি তার মোবাইল নম্বর সবার মাঝে ছড়িয়ে দিতে অনুরোধ করেছেন, যাতে যে কোনো শ্রেণির মানুষ সহজেই পুলিশের সহযোগিতা নিতে পারে। যে কোনো সন্দেহজনক তথ্য বা অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে সবাইকে অনুরোধ করেন তিনি।

বক্তারা বলেন, মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। বাংলাদেশ বাঁচলে বাঁচবে দেশ, আর একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/আর বি