সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক | Daily AjKaler Kontho

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৮ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদখাতের উন্নয়নেও তাঁর দৃঢ় ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন ছিলেন না; তিনি সারা দেশের জনগণের নেত্রী ছিলেন। তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল—যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এম