দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ | Daily AjKaler Kontho

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ


দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম-এর কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, “বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি দিনাজপুরের কন্যা। এর আগে দিনাজপুরবাসী তাঁকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তাঁকে প্রার্থী হিসেবে পেয়েছে। দিনাজপুর সদরের ভোটাররা অধীর আগ্রহে তাঁকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ, তাঁরা বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবেন।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

আাজকালের কন্ঠ /এম / মাসুদ