লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২ শীর্ষ সন্ত্রাসী | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২ শীর্ষ সন্ত্রাসী


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১:১২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২ শীর্ষ সন্ত্রাসী

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানের সময় আরও তিন সন্ত্রাসী পালিয়ে গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক দুজন হলেন—আলাউদ্দিন ওরফে বরকত ও পারভেজ হোসেন। বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় ১৭–১৮টি মামলা রয়েছে। অপরদিকে পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বরকতের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ বরকত ও পারভেজকে আটক করা হয়। তবে অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পলাতকরা হলেন—বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ /এম / জাকির