
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামে রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসায় সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো মাদ্রাসা মিলনায়তন হয়ে ওঠে আবেগঘন পরিবেশে মুখরিত।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রকিবুল হাসান সোহেল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয়; তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতীক। তার সুস্থতার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে দোয়া করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিরা। মাদ্রাসার মুহতামিম দেশনেত্রীর সুস্থতা, জাতির কল্যাণ ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিল শেষে অতিথিরা অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি আন্দোলনে নেতাকর্মীদের ঐক্য ও ধৈর্যের প্রশংসা করেন। এসময় উপস্থিত ব্যক্তিরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানান।
আপনার মতামত লিখুন :