মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি | Daily AjKaler Kontho

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১:৩২ অপরাহ্ন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দীর্ঘদিনের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন—অবিলম্বে কার্যকর করার দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্যখাতের বিভিন্ন শাখায় কর্মরত পেশাজীবীরা।

বুধবার সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও ল্যাব এইডরা একযোগে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন।

বক্তারা বলেন, “একই যোগ্যতা ও দায়িত্ব পালন সত্ত্বেও আমরা এখনও গ্রেড বৈষম্যের শিকার। আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়ে বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি।”

তারা আরও জানান, গ্রেড উন্নয়ন না হওয়ায় পেশাজীবীদের হতাশা বাড়ছে এবং নবীনদের মধ্যে অনাগ্রহ তৈরি হচ্ছে—যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন এবং ক্যাডার কাঠামো সংস্কারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

কর্মবিরতির কারণে সকালে কয়েকটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও জরুরি ও ইনডোর সেবা চালু রাখা হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।