ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার


জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার

ময়মনসিংহে রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্রিজ মোড়ে কয়েকদিন ধরে চলমান প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনের চাপে অবশেষে গ্রেফতার হয়েছে আলোচিত আসামি ইমন। তাকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ছিনতাইকারী হিসেবে শনাক্ত করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর মডেল থানার ওসি মোঃ শিব্বিরুল ইসলাম।

ওসি শিব্বিরুল ইসলাম বলেন, “রিয়াদ হত্যাকাণ্ডের সঙ্গে ইমন সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, হত্যার ঘটনার পরই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ব্রিজ মোড়ে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ইমনের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, রিয়াদ হত্যার পরে এলাকা অস্থির হয়ে ওঠে। তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল। পুলিশের দ্রুত পদক্ষেপ ও গ্রেফতারের খবর শুনে প্রতিবাদকারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ইমনকে গ্রেফতারের পর মামলার তদন্ত আরও গতিশীল হয়েছে। হত্যাকাণ্ডে কারও সম্পৃক্ততা থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও গ্রেফতার হতে পারে।

রিয়াদের নির্মম হত্যার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপে এখন মামলার রহস্য উদঘাটনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/ জে