উজিরপুরে সদর পোস্ট অফিসের বেহাল দশা: ৬ বছর ধরে ভাড়া বাসায় সেবা, ঠিকাদার গায়েব | Daily AjKaler Kontho

উজিরপুরে সদর পোস্ট অফিসের বেহাল দশা: ৬ বছর ধরে ভাড়া বাসায় সেবা, ঠিকাদার গায়েব


সাগর হাওলাদার, বরিশাল (উজিরপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৮:২০ অপরাহ্ন
উজিরপুরে সদর পোস্ট অফিসের বেহাল দশা: ৬ বছর ধরে ভাড়া বাসায় সেবা, ঠিকাদার গায়েব

বরিশাল জেলার উজিরপুর সদর পোস্ট অফিসের মূল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংস্কারকাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ২০১৯ সালে প্রায় ৪৪ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে সংস্কার শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় কাজের ৫০ শতাংশও শেষ হয়নি। ফলে গত ছয় বছর ধরে অফিসটি বাধ্য হয়ে একটি ভাড়া করা ঘরে কার্যক্রম চালাচ্ছে—যা এখন গ্রাহকদের জন্য সবচেয়ে বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জরুরি ডাকসেবা নিতে এসে তারা প্রায়ই অস্থায়ী অফিসটির অবস্থান খুঁজে পান না। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন হাজারো গ্রাহক। একাধিক বাসিন্দা বলেন, “একদিকে সঠিক সেবা নেই, অন্যদিকে ভবনের নাজুক অবস্থা—দুটোর মাঝখানে আমরা আটকে আছি। দ্রুত সংস্কার না হলে সমস্যার মাত্রা আরও বাড়বে।”

উপজেলা পোস্টমাস্টার আব্দুল লতিফ বলেন, “২০১৯ সালে সংস্কারকাজ শুরু হয়। এরপর কিছুদিন কাজ চললেও ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে যায়। ছয় বছর ধরে ভাড়া বাসায় অফিস চালাতে হচ্ছে। গ্রাহকরা চরম ভোগান্তিতে আছেন।”

বরিশাল বিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক (প্রশাসন) মোঃ মোশারেফ হোসেন জানান, “এ বিষয়ে ডিজি অফিস অগ্রগতি তদারকি করছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করেনি।”

পোস্ট অফিস–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বারবার জানানো সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজে ফেরানোর কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সরকারি সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সংস্কারকাজ সম্পন্ন করে পোস্ট অফিসকে মূল ভবনে ফিরিয়ে আনা হোক—নইলে সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই কমে যাবে।

আজকালের কন্ঠ/আর বি