রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা তিন নবজাতক আজ পেল নতুন পরিবার | Daily AjKaler Kontho

রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা তিন নবজাতক আজ পেল নতুন পরিবার


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৩:২০ অপরাহ্ন
রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা তিন নবজাতক আজ পেল নতুন পরিবার

অবশেষে সৌভাগ্যের দুয়ার খুললো মুগ্ধ, ফারিস্তা ও জোহরানের। রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা এই তিন নবজাতক আজ পেল নতুন পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই তিন নবজাতককে পৃথক তিনটি নিঃসন্তান দম্পতির কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে-২০২৫ উপলক্ষ্যে ২৬ নভেম্বর বুধবার সকালে সাইনবোর্ড মোড়, নারায়নগঞ্জ, বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজনে এই তিন নবজাতক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মজিবুর রহমান এবং সোনারগাঁও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা. মজিবুর রহমান জানান, মুগ্ধকে উদ্ধার করা হয়েছিল ১১ মাস আগে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৭শ’ গ্রাম। আর ৫ মাস আগে উদ্ধার করা ফারিস্তার ওজন ছিল ৯শ’ গ্রাম। জোহরানকে এক মাস আগে উদ্ধার করা হয়। এই তিনজনই জন্মের সময় মারাত্মকভাবে অসুস্থ ছিল। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতক তিনটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতক তিনটি আজ সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত। আজ তারা নতুন পরিবারের কাছে নিরাপদ ভবিষ্যত পেতে চলেছে।

দত্তকপ্রাপ্ত দম্পতিরা বলেন, তারা নিজ সন্তানের মত আদর, স্নেহ ও ভালোবাসায় তাদের লালন-পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

ডা. মুজিব নিষ্পাপ নবজাতকদের এভাবে আস্তাকুড়ে ফেলে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই নবজাতককে গ্রহণ করা হবে। এ ছাড়া কোথাও নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দেবেন।

প্রসঙ্গত, ডা. মজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা গড়ে ওঠা ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আজ মুগ্ধ ও ফারিস্তাকে দত্তক প্রদানের মধ্য দিয়ে ৫০তম পথনবজাতক হস্তান্তরের মাইলফলক স্পর্শ করেছে।

আজকালের কন্ঠ/আর বি