
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। দিনের আলোয় ব্যস্ততম এলাকায় এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রিয়াদের ওপর হঠাৎই দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা তার হাঁটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। রিয়াদ প্রাণ বাঁচাতে দৌড়ে পাটগুদাম ব্রিজ মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে আশ্রয় নেন। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের কাজ চলছে। পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, ব্যস্ত সড়কে দিনের বেলায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এলাকার নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।
পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই ঘটনাটি উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তদন্ত অব্যাহত রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :