বাউফলে জাল দলিল চক্রের যুবক আটক, ও রেস্টুরেন্টে জরিমানা | Daily AjKaler Kontho

বাউফলে জাল দলিল চক্রের যুবক আটক, ও রেস্টুরেন্টে জরিমানা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
বাউফলে জাল দলিল চক্রের যুবক আটক, ও রেস্টুরেন্টে জরিমানা

পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনা শ্রমে কারাদণ্ড দিয়েছেন। গত রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাল স্টাম্প ও দলিল তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়। পরে মামলা নং ৮২/২৫–এর প্রেক্ষিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১১৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় তরিকুলের কর্মস্থল ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চালায় প্রশাসন। অভিযুক্তের তথাকথিত নিয়োগদাতা ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা হাসান (পিতা মুজিবুল হক) জানান, “তরিকুল আমার দোকানে কয়েক মাস ধরে কাজ করে। জাল স্ট্যাম্প বা দলিলের বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি সে অপরাধ করে থাকে, আইনের শাস্তি পেয়েছে—এটাই স্বাভাবিক।”

এ সময় পাশের দোকানদার হাসান (পিতা নুরু হোসেন) বলেন, “এসিল্যান্ড স্যার আমার দোকানও তল্লাশি করেন। কোনো অনিয়ম না পাওয়ার পর পাশের দোকান থেকে তরিকুলকে আটক করা হয়।”অভিযানের সময় উপজেলার মদনপুর এলাকার ‘হাসান ডিজিটাল অ্যান্ড স্টুডিও’ থেকে কম্পিউটার ও প্রিন্টার জদ্ব করা হয়। স্টুডিওটির মালিক হাসান (পিতা দলিল উদ্দিন বেপারী) বলে জানা গেছে।

একই অভিযানে সাব-রেজিস্ট্রি অফিস এলাকার মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যের নিম্নমান, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে ঢাকনা ব্যবহার না করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি–সংক্রান্ত প্রতারণা, নকল স্টাম্প ও জাল দলিল তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান পরিচালনার পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/ আর এস/এ