মাদকসেবনে বাঁধা দেওয়ায় প্রাণ গেল সোহেল মাঝির | Daily AjKaler Kontho

মাদকসেবনে বাঁধা দেওয়ায় প্রাণ গেল সোহেল মাঝির


বরিশাল (উজিরপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
মাদকসেবনে বাঁধা দেওয়ায় প্রাণ গেল সোহেল মাঝির

বরিশালের উজিরপুরে মাদকসেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় গুরুতর আহত সোহেল মাঝি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।নিহত সোহেল মাঝি উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১১ নভেম্বর সকালে স্থানীয় চিহ্নিত মাদকসেবী পলাশ মাঝির নেতৃত্বে রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ আরও কয়েকজন সোহেল মাঝির ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোহেলকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পরদিন ১২ নভেম্বর নিহতের স্ত্রী মাকসুদা বেগম আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার আসামিরা ১৭ নভেম্বর জামিনে মুক্তি পায়।উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “সোহেলের মৃত্যু হওয়ায় পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।”

আজকালের কন্ঠ/আর এস/এস