ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ চিনির ট্রাকে আগুন | Daily AjKaler Kontho

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ চিনির ট্রাকে আগুন


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ চিনির ট্রাকে আগুন

শরীয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সড়ক অবরোধ ও একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় ও পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা।

এসময় তারা লাঠি ও ককটেল প্রদর্শন করে। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে যানচলাচল বন্ধ থাকে।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে সটকে পড়েন দুষ্কৃতকারীরা।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।”

তিনি বলেন, “মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।”

আজকালের কন্ঠ/আর বি