বড়াইগ্রামে আত্মীয়ের ঘরে চুরির অভিযোগ: কুরআন হাতে শপথের পর প্রশ্ন—‘তাহলে কি সে-ই চুরি করেছে?’ | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে আত্মীয়ের ঘরে চুরির অভিযোগ: কুরআন হাতে শপথের পর প্রশ্ন—‘তাহলে কি সে-ই চুরি করেছে?’


মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
বড়াইগ্রামে আত্মীয়ের ঘরে চুরির অভিযোগ: কুরআন হাতে শপথের পর প্রশ্ন—‘তাহলে কি সে-ই চুরি করেছে?’

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড় পিঙ্গুইন গ্রামে আত্মীয়ের ঘরে চুরির অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ভাগ্নি জামাইয়ের বাড়িতে মামি-শাশুড়ির প্রবেশ, গহনা ও টাকা উধাও, আর পরে কুরআন হাতে শপথ—সব মিলিয়ে গ্রামজুড়ে চলছে নানা আলোচনা ও রহস্যের গুঞ্জন।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় পিঙ্গুইন গ্রামের বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম (৫০) এর বাড়ি থেকে ১ ভরি ৬ আনা স্বর্ণের গহনা, ৬ ভরি রুপার গহনা ও ৭ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় তিনি অভিযোগ করেছেন তাঁর মামাশ্বশুর মোঃ আলমগীর হোসেন (৩৫) ও মামি-শাশুড়ি মোছাঃ নাসিমা খাতুন (৩৩) এর বিরুদ্ধে।

ভুক্তভোগীর স্ত্রী জানান, “আমি কাউকে সন্দেহ করিনি। কিন্তু ঘটনার পর রাতে হঠাৎ নাসিমা খাতুন আমার বাড়িতে এসে কুরআন শরীফ হাতে নিয়ে শপথ করে বলেন—‘আমি চুরি করি নাই।’ তখন আমি বিস্মিত হই, কারণ তাঁর নাম তো কেউ নেয়নি।”

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত নাসিমা খাতুনের বাড়িতে যাওয়া-আসা ছিল নিয়মিত, এবং তিনি জানতেন ঘরের ড্রয়ারের চাবি কোথায় রাখা থাকে। ফলে তালা না ভেঙেই ড্রয়ার খুলে গহনা ও টাকা নেওয়ার সুযোগ পান বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের আরও দাবি, নাসিমা খাতুন ও তাঁর স্বামী আলমগীর হোসেন অতীতেও অনুরূপ ঘটনায় জড়িত ছিলেন এবং বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশও হয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আলমগীর হোসেন এখনো মাদক বিক্রির সঙ্গে জড়িত।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কুরআন হাতে শপথের পর গ্রামবাসীর মুখে এখন একটাই প্রশ্ন— “যদি সে নির্দোষ হয়, তবে কেন নিজের থেকেই এমন শপথ করল?

আজকালের কন্ঠ/আর বি