
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাজু মোল্লার ঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি বিধিনিষেধ অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাদের এ কর্মকাণ্ডে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল, পাশাপাশি পার্শ্ববর্তী কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসন অভিযানে নামে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এমন কঠোর অভিযানের পরও স্থানীয়দের প্রশ্ন—এবার কি থামবে বালু মাফিয়াদের তৎপরতা?
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :