রায়পুরে যত্রতত্র দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি: নিরাপত্তাহীনতায় বড় দুর্ঘটনার আশঙ্কা | Daily AjKaler Kontho

রায়পুরে যত্রতত্র দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি: নিরাপত্তাহীনতায় বড় দুর্ঘটনার আশঙ্কা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
রায়পুরে যত্রতত্র দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি: নিরাপত্তাহীনতায় বড় দুর্ঘটনার আশঙ্কা

লক্ষ্মীপুরের রায়পুরে নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে যত্রতত্র দোকানে এলপি গ্যাস (তরল পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি ও মজুদ করা হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো বাজারের বিভিন্ন স্থানে সিলিন্ডার রাখছেন, এতে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর বাজারের বিভিন্ন দোকানের পিছনে ও গুদামঘরে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে। এসব স্থানে নেই কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা নিরাপত্তা সরঞ্জাম। অনেক দোকানে বৈদ্যুতিক তার ঝুলে আছে খোলা অবস্থায়, যা যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে।

বাজারের একাধিক এলাকায় দেখা গেছে, চা দোকান, মুদি দোকান, এমনকি মোবাইল সার্ভিসিং দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। সিলিন্ডারগুলো ট্রাকে বা ভ্যানে করে এনে দোকানের পেছনে স্তূপ করে রাখা হয়। সেখানে কোনো প্রশিক্ষিত কর্মচারী বা নিরাপদ দূরত্বে সংরক্ষণের ব্যবস্থা নেই।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, “আমাদের বাজারে অনেক দোকানে গ্যাস সিলিন্ডার জমা থাকে। কেউ যদি সিগারেটের আগুন ফেলে দেয় বা শর্ট সার্কিট হয়, তাহলে পুরো বাজার পুড়ে যেতে পারে।”

রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গ্যাস সিলিন্ডার সংরক্ষণে নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এসব দোকানে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনকে জানালে অভিযান পরিচালনা করা হয়, তবে নিয়মিত মনিটরিং দরকার।”

আজকালের কন্ঠ/আর বি