নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে তানজানিয়ায় নির্বাচন-পরবর্তী বিক্ষোভে, নিহত ৭০০ | Daily AjKaler Kontho

নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে তানজানিয়ায় নির্বাচন-পরবর্তী বিক্ষোভে, নিহত ৭০০


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে তানজানিয়ায় নির্বাচন-পরবর্তী বিক্ষোভে, নিহত ৭০০

তানজানিয়ার প্রধান বিরোধী দল দাবি করেছে যে এই সপ্তাহের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, অন্যদিকে জাতিসংঘ বলছে যে তাদের কাছে “বিশ্বাসযোগ্য প্রতিবেদন” আছে যে কমপক্ষে ১০ জন মারা গেছে। খবর: আল জাজিরা।

চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা বলেন, ‘দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা আমরা যোগ করি তাহলে এটি প্রায় ৭০০ জন হবে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই সংখ্যা জানিয়েছে।

তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।’

তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়।

এরইমধ্যে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) নামের একটি দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি