ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ | Daily AjKaler Kontho

ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ২:০৩ অপরাহ্ন
ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউযে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব (কালিতলা) স্পটে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-(রেজি নং-রাজ ২৯৩৬) এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬-এর সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি মো ফারুক হোসেন, সাধারণ-সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার ও প্রকাশনা জেলা বিএনপি ও পরিচালক দিনাজপুর চেম্বার অব কমার্স মঞ্জুর মোরশেদ সুমন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার এক দশকের বেশি সময় পার হলেও এখনো বিচার হয়নি। এই ঘটনার বিচারহীনতার কারণে অন্যান্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বাড়ছে। একইসঙ্গে, নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া, বিভিন্ন গণমাধ্যম থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের অবিলম্বে পুনর্বহালের জোর দাবিও জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের সকল দাবি মেনে নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, দৈনিক প্রানের বাংলাদেশ জেলা প্রতিনিধি মাসুদুর রহমান, আমার দেশ বোচাগঞ্জ আবুল ওহাব, দৈনিক বাংলা’র মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট, বোচাগঞ্জ মিডিয়া’র সাংবাদিক বৃন্দ।]

আজকালের কন্ঠ/আর বি