কলাপাড়ায় নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু | Daily AjKaler Kontho

কলাপাড়ায় নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
কলাপাড়ায় নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় নানা রকম ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীর বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সূচনা হয়।

উৎসবকে ঘিরে ভোর থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে বরগুনা, তালতলী ও কুয়াকাটাসহ আশপাশের এলাকা থেকে শত শত রাখাইন নর-নারী বিহার প্রাঙ্গণে সমবেত হন। তারা দক্ষিণাঞ্চলের প্রবীণ ধর্মীয় নেতা, ৯৬ বছর বয়সী সংঘরাজ উ কুইন্দা মহাথেরোকে নগদ অর্থ, নতুন পোশাক, আগরবাতি, মোমবাতি ও নানা উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়াও পটুয়াখালী ও বরগুনার ১০ জন ঠাকুরকে চীবর দানের অংশ হিসেবে নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধের স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তুলাতলী বৌদ্ধ বিহার কমিটির সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে দেশের শান্তি, উন্নয়ন ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

দিনভর ধর্মীয় অনুষ্ঠান, দান ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবটি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চলতে থাকে।

আজকালের কন্ঠ/আর বি