কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার | Daily AjKaler Kontho

কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে নির্বিষ ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন আখড়াবাড়ি এলাকার শান্ত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সংগঠনটির টিম লিডার বায়জিদ মুন্সী জানান, “হঠাৎ ঘরে সাপ দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদভাবে উদ্ধার করে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত ঘরগিন্নি সাপটি প্রায় দেড় ফুট লম্বা এবং সম্পূর্ণ নির্বিষ প্রজাতির।

বায়জিদ মুন্সী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে আমাদের সংগঠনকে খবর দিন। আমরা নিরাপদভাবে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেই।” উদ্ধারকৃত সাপটি পরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী দীর্ঘদিন ধরে এঅঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে আসছে।

আজকালের কন্ঠ/আর বি