বদলগাছিতে ডাকাতি করার সময় গণপিটুনিতে ১ জন নিহত | Daily AjKaler Kontho

বদলগাছিতে ডাকাতি করার সময় গণপিটুনিতে ১ জন নিহত


সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
বদলগাছিতে ডাকাতি করার সময় গণপিটুনিতে ১ জন নিহত

নওগাঁর বদলগাছি উপজেলার জগৎনগর গ্রামে ডাকাত দলের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ডাকাত দলের হামলায় একই পরিবারের চার সদস্য আহত হন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি বদলগাছি উপজেলার কোলার পালশা গ্রামের বাসিন্দা। পরিবারের বক্তব্য, তিনি নওগাঁ শহরে ইজিবাইক চালাতেন এবং সেখানে পরিবারসহ থাকতেন।

পুলিশ জানায়, জগৎনগর গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন গত বৃহস্পতিবার দুই ট্রাক ভাঙারি মালামাল বিক্রি করেন। মালামাল বিক্রির টাকা তিনি বাড়িতে রাখতেন বলে ডাকাতদের কাছে তথ্য ছিল। শুক্রবার গভীর রাতে ৪–৫ জন ডাকাত আলামিনের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেন। শব্দ শুনে আলামিনের ভাই আসাদুল, মা আয়েশা খাতুন ও বাবা নজরুল ইসলাম এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। তাঁদের চিৎকারে একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আসাদুল ইসলাম ধরা পড়েন। এ সময় গ্রামবাসী তাঁকে পেটাতে থাকেন। খবর পেয়ে বদলগাছি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত আসাদুলকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মৃত্যুর আগে আসাদুল পুলিশকে জানিয়েছেন, তাঁরা ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকালের কন্ঠ/আর বি