দেবিদ্বার চান্দিনা রোডে ভাঙ্গা রাস্তা মাছ চাষ করলেন হাসনাত আব্দুল্লাহ | Daily AjKaler Kontho

দেবিদ্বার চান্দিনা রোডে ভাঙ্গা রাস্তা মাছ চাষ করলেন হাসনাত আব্দুল্লাহ


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
দেবিদ্বার চান্দিনা রোডে ভাঙ্গা রাস্তা মাছ চাষ করলেন হাসনাত আব্দুল্লাহ

বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে অভিনব ও প্রতীকী প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিশাইর বাজারসংলগ্ন অংশে তিনি ক্ষতিগ্রস্ত রাস্তায় জল জমে থাকা গর্তে মাছ ছেড়ে দেন, যাতে এ সড়কের বেহাল অবস্থার প্রতি স্থানীয় প্রশাসনের নজর পড়ে।

প্রতীকী এই প্রতিবাদে অংশ নিয়ে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ বলেন এই রাস্তায় মানুষ চলাচল করে, কয়েক দিন আগে এখানে এক ছেলে মারা গেছে। রাস্তা যদি ঠিক না করেন, তাহলে বরং মাছ চাষ শুরু করুন। অন্তত মানুষ মাছ খেতে পারবে।”

দেবিদ্বারের রাস্তার অবস্থা এমন যে, এখানে জিয়ল (দেশি) মাছ ছাড়লেও তারা দিব্যি বাঁচতে পারবে। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখুন কিছু হয় কি না।”

স্থানীয় বাসিন্দারা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়ককে যুক্ত করে। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেশিরভাগ অংশই এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

বড় বড় গর্ত ও খোঁড়াখুঁড়িতে ভরা এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই সড়ক সংস্কারের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। স্থানীয়রা মনে করছেন, এমন প্রতীকী প্রতিবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সহায়ক হবে।

আজকালের কন্ঠ/আর বি