
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় মমতাজ বেগম (৬৯) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মমতাজ বেগম মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর প্রায় এক যুগ ধরে তিনি একাই নিজ বাড়িতে বসবাস করছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে—দুজনই নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী—দিনে সুফিয়া বেগম (৪০) এবং রাতে পাহারার দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১), যাঁর বাড়িও একই মহল্লায়।
প্রতিদিনের মতো সেদিনও এশার নামাজ শেষে আবু শামা পাহারায় আসেন। কিন্তু ঘরে প্রবেশ করতেই দেখেন, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তাঁর নাক-মুখ থেঁতলানো। তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, নিহতের শরীরে থাকা কয়েকটি স্বর্ণালংকার পাওয়া যায়নি। তাদের ধারণা, এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ এবং জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গৃহকর্মী সুফিয়া ও প্রহরী আবু শামাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এই হত্যাকাণ্ডে সরদারপাড়া মহল্লা ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া। শান্ত স্বভাবের এই নারীকে এভাবে হত্যা করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :