
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন একই বাড়িতে প্রথম দফায় আগুন দেওয়া হয়েছিলো। তখন থেকে পাঁচতলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে একদল লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে নুর উদ্দিন চৌধুরীর বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভবনটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পরিবারের কেউ ওই বাড়িতে বসবাস করেন না।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “গত বছরের ৪ আগস্টে বাড়িটিতে আগুন ধরানো হয়েছিলো, এতে ভবনের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়। আজ আবারও সেখানে অগ্নিসংযোগ হয়েছে। আমরা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছি।”
তিনি আরও জানান, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অগ্রগতির বিষয় সংবাদমাধ্যমকে জানানো হবে।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :