দুমকিতে ডেঙ্গু আক্রান্তে কলেজ ছাত্রের মৃত্যু | Daily AjKaler Kontho

দুমকিতে ডেঙ্গু আক্রান্তে কলেজ ছাত্রের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২:১৮ অপরাহ্ন
দুমকিতে ডেঙ্গু আক্রান্তে কলেজ ছাত্রের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মো. জাহাঙ্গির হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জ্বরে আক্রান্ত হলে জাকারিয়াকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। অভিযোগ করে তারা আরও বলেন, চিকিৎসা সেবায় অবহেলা করা হয়েছে। এমনকি মৃত্যুর পর মরদেহ বহনের জন্য ট্রলি পর্যন্ত হাসপাতাল থেকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ রুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি লেখেন, “সরকারি কলেজের ছাত্র জাকারিয়ার মরদেহ বহনে ট্রলি পর্যন্ত না পাওয়া দুঃখজনক ও অমানবিক। হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা জরুরি।”

আজকালের কন্ঠ/আর বি