লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে জের বৃদ্ধ চাচিকে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে জের বৃদ্ধ চাচিকে কুপিয়ে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:১০ অপরাহ্ন
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে জের বৃদ্ধ চাচিকে কুপিয়ে হত্যা

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে তার ভাতিজা। এ ঘটনায় ঘাতক ইমন হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজের ওজু করতে ঘর থেকে বের হন রাশেদা বেগম। এসময় তিনি দরজায় ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখে কারণ জানতে চান। ইমন কিছু না বলায় তিনি ঘরে ঢুকে পড়েন। পরে ইমনও ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। রাশেদার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ইমন ঘরের সিলিংয়ে লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

এ সময় পুলিশের সামনেই ইমন জানায়, তার স্ত্রীর সঙ্গে রাশেদার প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/জে