বাউফলে উৎসবমুখর তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন | Daily AjKaler Kontho

বাউফলে উৎসবমুখর তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
বাউফলে উৎসবমুখর তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা সমাপ্ত হয় শনিবার বিকেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতার ৯টি ইভেন্টে উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা সহ নানা খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতা মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমের মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে, মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাউফল

মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আর রানার্সআপ হয় চর আলগীন মাধ্যমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

 

আজকালের কন্ঠ/আর এস/এস