
ব্যুরো চীফ ময়মনসিংহ : নওগাঁ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান আর নেই।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীসহ সিলেট থেকে নওগাঁ ফেরার পথে তারা গাজীপুর পুলিশ লাইন্স এলাকায় যাত্রা বিরতি করেন। রাত ৮টা ৪৫ মিনিটে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মুস্তাফিজ হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রয়াত মুস্তাফিজ হাসান এর আগে বগুড়া ডিবি পুলিশের ওসি ছাড়াও বগুড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দক্ষ, মেধাবী, ভদ্র ও বিনয়ী অফিসার হিসেবে সহকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেন।
মানবিক গুণাবলীতে সমৃদ্ধ মুস্তাফিজ হাসান অসংখ্য এতিম ও অনাথ শিশুকে নিজ খরচে লালনপালন করেছেন। অনেকের বিয়ে পর্যন্ত তিনি দায়িত্ব নিয়েছেন। দাম্পত্য জীবনে নিঃসন্তান হলেও তিনি সমাজের অসহায় মানুষদের সন্তানসম ভালোবাসা দিতেন। মৃত্যুর পর দেহ রাজশাহী মেডিকেল কলেজে গবেষণার জন্য দান করার অঙ্গীকারও করেছিলেন তিনি।
তার অকাল মৃত্যুতে সহকর্মী, পরিবারবর্গ ও অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। অনেকেই সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :