জাকসুতে সহ-ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাবি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিফাত আরা রুমকি | Daily AjKaler Kontho

জাকসুতে সহ-ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাবি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিফাত আরা রুমকি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৪:০১ অপরাহ্ন
জাকসুতে সহ-ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাবি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সিফাত আরা রুমকি

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৯ ব্যাচ (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী মোছা: সিফাত আরা রুমকি জাকসু নির্বাচনে সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। যিনি ইতোমধ্যেই নিজের নানা অর্জনের মধ্য দিয়ে জাবির ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছেন।

মোছা: সিফাত আরা রুমকি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত। একজন নারী হিসেবে ক্রীড়াঙ্গনে নানা প্রতিকূলতা থাকলেও তিনি নিজের আত্মবিশ্বাস এবং মনোবলের মাধ্যমে তা জয় করেছেন।

তিনি (২০২৪,২০২৫)পরপর ২ বারের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন,২০২২ এর ভিসি কাপ হ্যান্ডবল চ্যাম্পিয়ন , ২০২২ এবং ২০২৩ পরপর ২ বারের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ব্রোঞ্জ পদকজয়ী, ক্যাম্পাসের সেরা মহিলা দাবাড়ু , ২০২৩ এর আন্তঃক্লাব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।

এছাড়াও তিনি ২০২৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ পাওয়ার গৌরব অর্জন করেন।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, রুমকি তার সাংগঠনিক দক্ষতা দিয়েও সমানভাবে সবাইকে মুগ্ধ করেছেন ।

মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট, জাবি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত “ইনডোর স্পোর্টস উইক ২০২৪”, “JUDS আন্তঃক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” সহ তিনি অসংখ্য আয়োজনের অন্যতম সফল সংগঠক।

তিনি বলেন, “মেয়েদের কেন্দ্রীয় ক্রিকেট দল থেকে আমার ক্রীড়া যাত্রা শুরু হলেও এরপর কেন্দ্রীয় ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও বাস্কেটবল দলেও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দীর্ঘদিন সক্রিয়ভাবে মাঠে থাকার ফলে আমি কাছ থেকে দেখেছি আমাদের খেলাধুলার নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা।

এই অভিজ্ঞতাই আমাকে অনুপ্রাণিত করেছে সহ-ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হতে। আমার লক্ষ্য শুধু সমস্যাগুলো চিহ্নিত করা নয়, বরং সেগুলোর বাস্তবসম্মত সমাধান বের করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করা। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা একসাথে জাহাঙ্গীরনগরের খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।”

আজকালের কন্ঠ/আর বি