মোহাম্মদপুরে শিশু নির্যাতনের ঘটনায় সংঘর্ষ,যুবক আহত | Daily AjKaler Kontho

মোহাম্মদপুরে শিশু নির্যাতনের ঘটনায় সংঘর্ষ,যুবক আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে শিশু নির্যাতনের ঘটনায় সংঘর্ষ,যুবক আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরে শিশু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মোহাম্মদপুরের শেরশাহ শেরী রোডের কাটপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। বাদী মোঃ ইব্রাহীম শরীফ জানান, তিনি ও ভিকটিম শাওন ইসলাম ইমনসহ কয়েকজন স্থানীয়ভাবে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় স্থানীয় দোকানদার জালাল (৪৫) এক শিশুকে মারধর করলে শিশু পালিয়ে তাদের কাছে আশ্রয় নেয়।

ইব্রাহীম শরীফ শিশুটিকে রক্ষা করার চেষ্টা করলে অভিযুক্ত জালাল ক্ষিপ্ত হয়ে ফোনে সহযোগী ডেকে নেয়। কিছুক্ষণ পর শাকিল (২৭), মাঈনুদ্দিন (২৭) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে আসে। তাদের হাতে ছিল সামুরাই, চাপাতি, লোহার রড ও লাঠি। জালালের নির্দেশে তারা ইব্রাহীম ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার্থে ইব্রাহীম শরীফ পালাতে সক্ষম হলেও ভিকটিম শাওন ইসলাম ইমন গুরুতরভাবে আহত হন। তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।