ওসি কাউসার আহমেদের বিরুদ্ধে ভয়াবহ চাঁদাবাজির অ/ভিযোগ | Daily AjKaler Kontho

ওসি কাউসার আহমেদের বিরুদ্ধে ভয়াবহ চাঁদাবাজির অ/ভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ২:২০ অপরাহ্ন
ওসি কাউসার আহমেদের বিরুদ্ধে ভয়াবহ চাঁদাবাজির অ/ভিযোগ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ওসি কাউসার আহমেদের বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি—ওসি কাউসার প্রতারক চক্রের মূল হোতা মোসাঃ রাফিজা আক্তার শিমুকে সাথে নিয়ে ব্যবসায়ী আলামিন শিপনকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেন। উদ্দেশ্য ছিল মোটা অংকের অর্থ আদায়।

ভুক্তভোগী শিপন জানান, শিমুর ছোট ভাই তার বাসায় ড্রাইভার হিসেবে কাজ করতেন। সেই সুবাদে শিমু ও তার স্বামী শরীফুল ইসলাম শিপনের কাছে ১২ লক্ষ টাকা ধার চান এবং ৩০০ টাকার স্ট্যাম্প ও একটি চেক রেখে দেন। কিন্তু টাকা ফেরতের সময় হলে তারা হঠাৎ করেই বাসা ছেড়ে উধাও হয়ে যান।

টাকা ফেরত না দিয়ে উল্টো শিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয় (মামলা নং-০২, তারিখ ০১/১১/২০২৪)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ অক্টোবর সকাল ৯:৩০টায় শিপন শিমুকে ধর্ষণ করেন।

কিন্তু অভিযোগের সময়সূচি নিয়েই বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। এজাহারে বলা হয়, ৩০ অক্টোবর সকালে শিপন বাসায় একা পেয়ে শিমুকে ধর্ষণ করেন। অথচ শিপনের দাবি, তিনি ২৯ অক্টোবর বিকালেই বিদেশে চলে যান এবং এক সপ্তাহ পর দেশে ফেরেন। বিষয়টি প্রমাণে তার হাতে রয়েছে বিমান টিকিট, ভিসা ও পাসপোর্টসহ প্রয়োজনীয় ডকুমেন্ট।

মামলার বিষয়ে কিছু না জেনেই শিপন প্রায় ৭ মাস পর গ্রেফতার হন। পরে আদালতে প্রমাণাদি জমা দিলে বিচারক মামলার অসত্যতা বুঝতে পেরে ৯ দিন কারাভোগের পর ১,০০০ টাকার বন্ডে জামিন দেন।

ভুক্তভোগী শিপনের অভিযোগ—মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার শর্তে ওসি কাউসার সরাসরি ৫০ লক্ষ টাকা দাবি করেন। এমনকি তদন্ত কর্মকর্তারাও ওসির নির্দেশে বলেন, টাকা না দিলে শিপনের ফাঁসি পর্যন্ত হতে পারে।

অভিযোগ আছে, ওসি কাউসার দীর্ঘদিন ধরেই প্রতারক রাফিজা আক্তার শিমুর সাথে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। নানা অনিয়ম ফাঁস হয়ে পড়ায় সম্প্রতি তাকে রংপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয় এবং অন্যান্য কর্মকর্তাকে বদলি করা হয়। অন্যদিকে, শিমু বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন।

ভুক্তভোগী আলামিন শিপন ইতোমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার, মানবাধিকার সংগঠন এবং দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। তবে কোনো প্রতিকার না পেলে তিনি সুপ্রিম কোর্টে রিট করবেন বলে জানিয়েছেন।