বঙ্গোপসাগরে নিম্নচাপ: কুয়াকাটার মৎস্য বন্দর আলিপুর-মহিপুর শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরে নিম্নচাপ: কুয়াকাটার মৎস্য বন্দর আলিপুর-মহিপুর শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে নিম্নচাপ: কুয়াকাটার মৎস্য বন্দর আলিপুর-মহিপুর শত শত ট্রলার নিরাপদ আশ্রয়ে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালী উপকূলসহ কুয়াকাটা অঞ্চলের আকাশে সারাদিন ঘন মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আজ সকাল ৬টার দিকে নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এটি অগ্রসর হয়ে আগামীকাল সকাল নাগাদ ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সব মাছধরা ট্রলার ও নৌযানকে নিরাপত্তার স্বার্থে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে শত শত মাছধরা ট্রলার ফিরে এসে আশ্রয় নিয়েছে পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্যবন্দর এবং শিববাড়িয়া নদীতে। হঠাৎ আবহাওয়ার অবনতি হওয়ায় জেলেরা তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয় নেয়। ফলে মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, উত্তাল সমুদ্রের কারণে জেলেপল্লীগুলোতে আতঙ্ক বিরাজ করছে। অনেক ট্রলার নিরাপদে বন্দর এলাকায় পৌঁছেছে, তবে এখনো কিছু ট্রলার গভীর সমুদ্রে রয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ওই সব ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/মিজানুর