
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ ব্যাটারি চালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদ্রাসার সহকারী সুপার জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। হতাহতরা সকলেই অটো রিক্সার যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে পিছনের বাম চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনই পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নবী মারা যান।
গুরুতর আহতরা হলেন, অটোরিকশা চালক সজিব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, হঠাৎ করে অটোরিকশার চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন মারা যান, পরে নুরুন্নবী নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন
আজকালের কন্ঠ/আর এস/গাইবান্ধা
আপনার মতামত লিখুন :