দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ | Daily AjKaler Kontho

দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে যে মিনি স্টেডিয়ামগুলো উদ্বোধন হচ্ছে, সেগুলোতে যেন প্রকৃত অর্থে খেলার পরিবেশ সৃষ্টি হয়, সে বিষয়ে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। এ উপলক্ষে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার আরও ১৩টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ–২য় পর্যায়” প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রশাসন ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উপদেষ্টা নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় নাটোর জেলার শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/আর