
মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রতারণার মাধ্যমে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ ওঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এক ব্যক্তি নিজেকে ধর্মীয় তদবিরকারী ও আমলকারী পরিচয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি ০১৭৪৪৯৬৮২৬৭ নম্বর থেকে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে যোগাযোগ করেন এবং ঘরে অশুভ কিছু রয়েছে দাবি করে ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযুক্ত ব্যক্তি বলেন, এসব দূর করতে বিশেষ তাবিজ ও দোয়ার প্রয়োজন, যার জন্য কিছু স্বর্ণ দিতে হবে—যা পরে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন।
ভুক্তভোগী আমেনা বেগম (৪৫) জানান, তিনি ধর্মীয় বিশ্বাস ও মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কারণে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার অভিযুক্ত ব্যক্তির নির্দেশিত স্থানে রেখে আসেন। কিন্তু এরপর থেকেই অভিযুক্ত মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেন।
ঘটনাটি বুঝতে পেরে আমেনা বেগম ও তার পরিবার প্রতারণা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ এনে সন্দ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রতারকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/রাহাত/এমদাদ
আপনার মতামত লিখুন :