
মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ জানান, “বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুরের তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। ঘটনার পর চালক মহির উদ্দিন পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে নিহত জাহিদ হোসেনের চাচা নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন – নাটোর জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির জেলা সভাপতি মোঃ সাহাবুল আলম বলেন, “বড়াইগ্রামে একসাথে ৮টি প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দিয়েছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন বলে মনে করি।”
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :