
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন যুবলীগ নেতা গাজী ওহিদুজ্জামান ও গাজী ফারদিন হোসেন কুটি মিয়ার নেতৃত্বে ধলইতলা গ্রামের ছাত্রদল কর্মী মো. আজম শেখ ও মহিউদ্দিন শেখ ওরফে কালুকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা চেষ্টা মামলায় জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকাল ৫ টায় গ্রামবাসীর আয়োজনে ধলইতলা গ্রামের রইসের চায়ের দোকানের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শেখ ইমদাদুল হক, মো: চঞ্চল শেখ, মোহাম্মদ মনু শেখ, মো: ইকু শেখ, কালু ও মোজাম শেখ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৬ জুলাই সন্ধ্যায় ছাত্রদল কর্মী আজম শেখ ও মহিউদ্দিন শেখ ওরফে কালু বাড়ি ফেরার পথে ফারদিন গাজীর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের আওয়ামী যুবলীগ নেতা ওহিদুজ্জামান গাজী ও গাজী ফারদিন ওরফে কুটির নেতৃত্বে একই গ্রামের কেরাম শেখ, ওবায়দুল শেখ, মিন্টু গাজী, শেখ আশরাফুল, খাইরুল শেখ, সোহাগ, শাহাবুদ্দিন, জামির ও রমজান পরপর যোগসাজশে আজম রামদা, ছ্যানদা, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শেখ (২০) ও মহিউদ্দিন শেখ ওরফে কালুকে (২৬) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। মারা গেছে এই ভেবে সন্ত্রাসীরা আহতদের পাশে একটি কবরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। গুরুতর আহত আজমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আজম ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, তারা আওয়ামী যুবলীগের এসব সন্ত্রাসীদের ভয়ে তারা ঘরবাড়ি থেকে বাইরে বের হতে পারছে না।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে আরও বলেন, ‘ মামলা করার পর পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেফতার করে নাই। বর্তমানে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহতভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা নড়াইল পুলিশ সুপার, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনায় আহত আজম শেখের মা মলিনা বেগম বাদী হয়ে ৮ জুলাই উল্লেখিত ১০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩, তারিখ, ৮/৭/২৫ ইং।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ওই মামলার আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :