ভালুকায় ৩ খুন: রান্না নিয়ে ভাবির 'খোঁটা'য় ক্ষুব্ধ হয়ে নজরুলের নৃশংস হত্যাকাণ্ড | Daily AjKaler Kontho

ভালুকায় ৩ খুন: রান্না নিয়ে ভাবির ‘খোঁটা’য় ক্ষুব্ধ হয়ে নজরুলের নৃশংস হত্যাকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ২:১৪ অপরাহ্ন
ভালুকায় ৩ খুন: রান্না নিয়ে ভাবির ‘খোঁটা’য় ক্ষুব্ধ হয়ে নজরুলের নৃশংস হত্যাকাণ্ড

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া নজরুল ইসলামের জবানবন্দিতে উঠে এসেছে রোমহর্ষক তথ্য। রান্না করে খাওয়ানো নিয়ে ভাবির খোঁটা তাকে ক্ষুব্ধ করে তোলে এবং সেই ক্ষোভ থেকেই সে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম পারিবারিকভাবে নানা মানসিক চাপে ভুগছিলেন। তার ভাবি প্রায়ই তাকে খাওয়ানো নিয়ে কটাক্ষ করতেন। এতে তার মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকে। এক পর্যায়ে সেই ক্ষোভ চরমে পৌঁছে গেলে তিনি ভয়ঙ্কর এই সিদ্ধান্ত নেন।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল হত্যার কথা স্বীকার করেছে। রান্না ও খাওয়াদাওয়া নিয়ে পারিবারিক অপমানের অভিজ্ঞতা থেকেই সে এই ঘৃণ্য কাজ করেছে বলে জানিয়েছে।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো