ময়মনসিংহে নিষিদ্ধ পল্লী থেকে ১১০০ লিটার মদ উদ্ধার গ্রেফতার ১৫ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে নিষিদ্ধ পল্লী থেকে ১১০০ লিটার মদ উদ্ধার গ্রেফতার ১৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে নিষিদ্ধ পল্লী থেকে ১১০০ লিটার মদ উদ্ধার গ্রেফতার ১৫

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর রমেশসেন রোডের নিষিদ্ধ পল্লীতে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে পরিচালিত বিশেষ অভিযানে ১১০০ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “যেখানেই মাদক, সেখানেই অভিযান—এই নীতিতে আমরা কাজ করছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। চোর, ছিনতাইকারী কিংবা মাদক কারবারিদের জন্য ময়মনসিংহে কোনো ঠাঁই নেই।” তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে জানান, অপরাধ দমনে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে।

নগরবাসীর মতে, গত ৫ আগস্টের পর এটিই সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান। এক ঘণ্টাব্যাপী এই অভিযানে নিষিদ্ধ পল্লীর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। পুলিশের এমন তৎপরতায় শহরজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ওসি শিবিরুল ইসলাম যোগদানের পর থেকেই শহরে চুরি, ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তার নেতৃত্বে একের পর এক সফল অভিযানে অনেক চিহ্নিত অপরাধী গ্রেফতার হয়েছে, কেউ কেউ আবার শহর ছেড়ে পালিয়ে গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কোতোয়ালী থানার কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।নগরবাসীর প্রত্যাশা, পুলিশের এই ধারাবাহিক অভিযানে মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এবং ময়মনসিংহ আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে।

আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো