৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে | Daily AjKaler Kontho

৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

আজকালের কন্ঠ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

এ অবস্থায় সমুদ্রবন্দরের জন্য মঙ্গলবার থেকে জারি করা সতর্ক সংকত আজও অব্যাহত রাখতে বলা হয়েছে।

অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতেও এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে এদিন সকালে এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

এই অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি