
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি স্কুল ব্যাগসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ জুলাই ২০২৫, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন গলগন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি টিনশেড বিল্ডিং ঘরের ভেতর থেকে পাইকাশিমুল, মুক্তাগাছা থানার বাসিন্দা এবং বর্তমানে ঐ বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী সজিব মিয়া (২৪), পিতা-মৃত লাল মিয়া, মাতা-মোছাঃ হুজেরা খাতুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজিব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের এই কার্যক্রম এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এমন সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
আজকালের কন্ঠ/আর বি/
আপনার মতামত লিখুন :