দালালমুক্ত থানা, সেবার নিশ্চয়তা ওসি হুমায়ুন কবিরের অঙ্গীকার | Daily AjKaler Kontho

দালালমুক্ত থানা, সেবার নিশ্চয়তা ওসি হুমায়ুন কবিরের অঙ্গীকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
দালালমুক্ত থানা, সেবার নিশ্চয়তা ওসি হুমায়ুন কবিরের অঙ্গীকার

ব্যুরো চীফ ময়মনসিংহ : ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির তার পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে থানাকে সাধারণ মানুষের আস্থার স্থানে পরিণত করেছেন। শৃঙ্খলাপরায়ণ, ভদ্র ও মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এই পুলিশ কর্মকর্তা দিনরাত কাজ করে যাচ্ছেন জনসেবা নিশ্চিত করতে।

ওসি হুমায়ুন কবির থানাকে দালালমুক্ত রাখতে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন। থানায় আসা সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক পদক্ষেপ ও দ্রুত সমস্যার সমাধানে তার নিষ্ঠা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে রাত-দিন মাঠে সক্রিয় দেখা যায় এই পুলিশ কর্মকর্তাকে।

তবে সম্প্রতি ভালুকা অঞ্চলে একটি সংঘবদ্ধ চক্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহলের দাবি, ওসি হুমায়ুন কবিরের কার্যকর প্রশাসনব্যবস্থাকে বাধাগ্রস্ত করতেই এই চক্র তৎপর হয়ে উঠেছে।

স্থানীয় নাগরিকরা প্রশাসনের প্রতি আস্থা রেখে এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, “জনগণ সেবা চায়, দালাল নয়। হুমায়ুন কবিরের মতো দায়িত্বশীল অফিসারদের সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে।”

ওসি হুমায়ুন কবির নিজেও জানিয়েছেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় কোন ধরনের অনিয়ম বা অপরাধীদের ছাড় দেওয়া হবে না। জনগণের আস্থা ধরে রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সেবামূলক প্রশাসনের এই ধারা বজায় থাকলে ভালুকা হবে একটি দালালমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ।

আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো