উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব | Daily AjKaler Kontho

উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

আজকালের কন্ঠ ডেস্ক : উল্টো রথ টানার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার দুপুরের পর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও এর আশপাশ এবং সড়কে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। বেলা ৩টার মধ্যে ওই এলাকা লোকারণ্য হয়ে উঠে। উদ্দেশ্য ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবে অংশগ্রহণ। উল্টো রথযাত্রা ৩টার দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকন আশ্রমের দিকে যাত্রা শুরু করে। এ সময় বড় ৩টি রথ এবং ছোট প্রায় ১০টি রথের যাত্রা শুরু হয়। ট্রাকে ট্রাকে চলছিল ধর্মীয় সঙ্গীত, কীর্তন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকায় এই রথযাত্রার আয়োজন করে।

যাত্রা শুরুর আগে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাতন ধর্মীয় নেতা বিমলা প্রসাদ দাস, জয়ন্ত দেব, অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, ডাক্তার রমা সাহা, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।